ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড (উপায়)-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৮ জুলাই, ২০২৬ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং উপায়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামিক ওয়ালেট এবং উপায়-এর মধ্যে সহজেই অর্থ স্থানান্তর করতে পারবেন। এছাড়া উপায় ব্যাংকের রেমিট্যান্স বিতরণ অংশীদার হিসেবে কাজ করবে এবং ব্যাংকের শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস সেবা সম্প্রসারণে সহায়তা করবে। এর ফলে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও শরিয়াহভিত্তিক আধুনিক ডিজিটাল আর্থিক সেবা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য উদ্ভাবনী, সহজ ও শরিয়াহসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। উপায়-এর সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর এবং উপায়-এর হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম (কর্পোরেট সেলস) শাহ আরাফাত হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।