ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি উদ্বোধন করেছে নতুন ৪টি শরীয়াহ্-ভিত্তিক সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট—‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এসব বিনিয়োগ প্রোডাক্টের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।

নতুন প্রোডাক্টগুলোর মধ্যে ‘নিসা’ ও ‘তিজারা’ জামানতবিহীন এবং ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ জামানতের বিপরীতে শরীয়াহ্সম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক অর্থায়নের মাধ্যমে এসব প্রোডাক্ট ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের প্রয়োজন ও সময়োপযোগী ব্যবসায়িক চাহিদা বিবেচনায় রেখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন শরীয়াহ্ভিত্তিক আর্থিক সমাধান নিয়ে কাজ করছে। তিনি উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ প্রোডাক্টগুলোর সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান ও কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।